মঞ্চে ‘নায়ক ও খলনায়ক’

আজ সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রাজশাহীর অনুশীলন নাট্যদলের নতুন নাটক ‘নায়ক ও খলনায়ক’ মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক।

নিরীক্ষাধর্মী এ নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন ফাতেমা তুজ জোহরা যুথি, তানজিমা মাহজাবীন, সাদিয়া আফরিন ছন্দা, রাকিবুল আলম মিলন, স্বাধীন খান, হূদয় সাহা, লিমন বিশ্বাস, আরিফুল ইসলাম, হূদয় তালুকদার, মোশারফ হোসেন আবির, সুব্রত কুমার হালদার, ল্যাডলি মোহন মিত্র, শৌভিক রায় ও ইমরুল আসাদ।

‘নবাব সিরাজ দৌলার সিপাহসালার, অর্থাত্ প্রধান সেনাপতি ছিল মীর জাফর, খোন্দকার মোস্তাক ছিল বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদ সদস্য, যুগে যুগে এই ঘরশত্রু বিভিষণেরা বেইমানি করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কখনওই সফল হয়নি। খলনায়কেরা কখনোই প্রকৃত নায়কদের দাবায়ে রাখতে পারবে না।’—কথাগুলো ‘নায়ক ও খলনায়ক’ নাটকের শেষ সংলাপের খণ্ডাংশ।

এই সংলাপ থেকেই নাটকের বিষয়বন্তু সম্পর্কে একটা ইঙ্গিত মেলে। আর এই সংলাপের বয়ান যেকোনো ভৌগোলিক সীমা ও কালকে ছাপিয়ে যায়, যা সর্বকালে বিশ্বের সব অঞ্চলের জন্য প্রযোজ্য হতে পারে। নাটকটি ইতিহাসের পাঠ নয়। তবে অবাস্তবানুগ রীতিতে নির্মিত কল্পিত এই নাটকটি হয়তো দর্শকদের ইতিহাসের পথেই টেনে নিয়ে যাবে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুশীলন নাট্যদল নির্মিত ভিন্নধারার নাটক ‘নায়ক ও খলনায়ক’ রাজশাহী, ঢাকা ও কলকাতায় সফল মঞ্চায়ন শেষে এবার চট্টগ্রামে মঞ্চায়িত হতে যাচ্ছে।