বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব বিভাগের শিক্ষার্থীদের (মাল্টি ডিসিপ্লিনারি) জন্য ১ মাসব্যাপী ফ্রি গবেষণা কর্মশালার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।
০৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ০৭টায় অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে 'গবেষণার হাতেখড়ি' শীর্ষক এই গবেষণা কর্মশালা প্রথম ও উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী সেশনে মুখ্য আলোচক হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
শিক্ষার্থীদের গবেষণার প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি তাদেরকে গবেষণায় অনুপ্রাণিত করাই হলো কর্মশালাটির মূল লক্ষ্য। কর্মশালায় গবেষণার শুরু করতে শিক্ষার্থীদের কী করতে হবে এবং কীভাবে গবেষণা করতে হবে সে সম্পর্কে প্রাথমিক ধারণা এবং পরামর্শ পেতে সাহায্য করবে। কর্মশালাটি সর্বমোট আটটি পর্বে অনুষ্ঠিত হবে এবং যা সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার যথাক্রমে সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. অনিল কুমার বিশ্বাস, ববির প্রক্টর এবং পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-কারাস এর সিনিয়র রিসার্চ ফেলো এবং ঢাবি গবেষণা সংসদের গবেষণা পরিচালক কাজী সামিও শীশ, ববির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হয়দার।