রেইমসে হোঁচট খেলো মেসিহীন পিএসজি

বেনফিকার বিপক্ষে কাফ ইঞ্জুরিতে পড়ায় রেইমসের বিপক্ষে মাঠে নামেননি মেসি। ম্যাচের প্রথম থেকে ছিলেন না নেইমারও। পিএসজিও ভুগেছে দলের সেরা দুই তারকাকে ছাড়া। তার ওপর ম্যাচের অর্ধেক সময়েরও বেশি পিএসজি খেলেছে ১০ জন নিয়ে। লিগ ওয়ানের চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো হোঁচট খেয়েছে পিএসজি। রেইমসের মাঠে গিয়ে কোনমতে ড্র নিয়ে ফিরেছে ক্রিস্টোফে গ্যালতিয়েরের দল।

শনিবার (৮ অক্টোবর) লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে গিয়ে দশজনের দল নিয়ে গোলশূণ্য ড্র করেছে পিএসজি। 

মেসি-নেইমারের জায়গায় পিএসজি কোচ এদিন মাঠে নামিয়েছিলেন পাবলো সারাবিয়া আর কার্লোস সোলারকে। তবে এই দুজন মিলে পূরণ করতে পারেননি দলের দুই সেরা তারকার অভাব। দ্বিতীয়ার্ধ্বে নেইমারকে মাঠে নামালেও বাকি সময়টা রেইমসের মাঠে আর নিজেদের গুছিয়ে নিতে পারেনই পিএসজি।

ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না পিএসজি। ফ্যাবিয়ান রুইজের শট আটকে দেন রেইমসের গোলরক্ষক। সুযোগ নষ্ট করেছেন এমবাপ্পেও।

প্রথমার্ধ্বে উল্টো গোল খেতে বসেছিলো পিএসজিও। মার্শাল মুনেতসির ভলি আটকিয়ে পিএসজিকে বাঁচান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। 

ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। ১০ জনের দল নিয়ে বাকিটা সময় যেন আরও ভুগেছে পিএসজি।

১০ জনের পিএসজির বিপক্ষে নিএজেদের পুরো সুবিধাটাই তুলে নিতে চেয়েছে রেইমস। একের পর এক আক্রমণ করে গেছেন স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ্বে নেইমারকে মাঠে নামালেও সুবিধা করতে পারেননি তেমন। ম্যাচের ৬৭ মিনিটে গোলরক্ষকে একা পেয়েও বাইরে মেরেছেন তিনিও।

ম্যাচের শেষদিকে নেইমারের নেওয়া এক ফ্রি কিক আটকে যায় রেইমসের এক ডিফেন্ডারের হেডে। ১০ জনের দল হয়ে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজিকে। লিগে এই নিয়ে দুই ম্যাচে ড্র করলো পিএসজি।

এই ড্রয়ে অবশ্য বেশি সমস্যা হয়নি তাদের। ১০ ম্যাচে ৮ জয় আর ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানেই রয়েছ বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে,  ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে রয়েছে রেইমস।