কাঁচপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো ৪ জনের 

নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে রোববার (৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান। 

নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)। 

ওসি বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ষংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অটোরিকশাকে মাইক্রোবাসের ধাক্কায় আহত চারজনকে ঢাকা মেডিক্যালের নিয়ে আসলে তিনজন মারা যান। জামাল নামের আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত মামুনের ছোট ভাই সুমন বলেন, আমার ভাই আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আজ কাজ শেষে সিএনজিতে আমার বাসায় আসার পথে দুর্ঘটনায় মারা যান।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সে আদমজী এলাকাতেই থাকতেন। তার এক ছেলে রয়েছে।

নিহত হানিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বাবার নাম বিল্লাল হোসেন। থাকতেন যাত্রাবাড়ীতে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।