ক’দিন আগেই মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। মুক্তি পর বেশ সাড়াও ফেলেছে সিনেমাটি। এরইমাঝে নতুন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেতা। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দামাল’।
প্রচারণার অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির দ্বিতীয় গান।
‘আমি দুর্জয়, বুঝি না ডর ভয়, মাঠে নামি চল দামালের দল...’-এমন কথার গানটিতে ভিন্ন এক সিয়ামের দেখা মিলেছে। এমনকি সিনেমাতে দুর্জয় নামের চরিত্রে দর্শকরা দেখতে পাবে তাকে।
নিজের নতুন সিনেমা ও গান প্রসঙ্গে সিয়ামের বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই গল্পটা নিয়ে এর আগে কেউ কাজ করেননি। স্বাধীনতা অর্জনে স্বাধীনবাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পটাই এবার তুলে ধরা হয়েছে। ট্রেইলার ও প্রথম গানে দর্শকরা ভালোলাগার কথা জানিয়েছেন। এবার এলো দ্বিতীয় গান। এ গানটিও ছবিটিতে কী থাকছে তার একটা বার্তা দিয়েছে। আশা করি, দর্শকরা ছবিটি দেখে বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।’
রায়হান রাফি বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আশা করি, পরাণ যারা দেখেছেন তারা আরও বড় চমক পাবেন এতে।’
সিনেমাটিতে সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ অনেকে।