কাতার বিশ্বকাপের নতুন গান 'লাইট দ্য স্কাই' প্রকাশ

নভেম্বরে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর বসছে কাতারে। বিশ্বব্যাপী ফুটবলের উন্মাদনা আরও বাড়াতে কাতার বিশ্বকাপের আরও একটি গান প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

শুক্রবার (৭ অক্টোবর) 'লাইট দ্য স্কাই' শিরোনামের গানটি ফিফা তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। এই গানটিতে কন্ঠ মিলিয়েছেন চার দেশের চার গায়িকা ও অভিনেত্রী। ৪ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে গানে কন্ঠ মিলাতে দেখা যায় বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহীকে। এছাড়াও গানটিতে কণ্ঠ মিলিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বালকিস ফাতি, রাহমা মেজের ও মরক্কোর মানাল। গানে কন্ঠ মেলানোর পাশাপাশি গানের ভিডিওতে অভিনয়ও করেছেন তারা। গানটিতে ইংরেজি, হিন্দি, মরক্কোর আরবি ভাষাও রয়েছে। নোরা ফাতেহী হিন্দি ও মরক্কোর আরবি ভাষায় সুর মিলিয়েছেন। বলিউডের প্রথম ব্যক্তি হিসেবে ফুটবল বিশ্বকাপের গানে অংশ নেন তিনি।

এরআগে চলতি বছরের এপ্রিলে কাতার বিশ্বকাপ উপলক্ষে 'হায়া হায়া' শিরোনামের একটি গান প্রকাশ করে ফিফা। এবারের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে ২০ নভেম্বর কাতার-ইকুয়েডরের ম্যাচ দিয়ে।