কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনা মধুশিয়া বাগানে অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি হাতি মারা গেছে। রবিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন দাস।
তিনি বলেন, মধুশিয়া বাগানে দুই বছর বয়সী একটি পুরুষ হাতি মারা যাওয়ার খবর পেয়ে দুপুর ১ টার দিকে বনবিভাগ ও প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেয়া হয়েছে। হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই।
চকরিয়া প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে বলে মনে হচ্ছে। মৃত হাতিটির ওজন এক টন ও দৈর্ঘ্য প্রায় ছয় ফিট। গত দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত এক বছরে প্রায় ডজনাধিক হাতি কক্সবাজার উত্তর বনবিভাগের খুটাখালী, ফাঁসিয়াখালী, রামু এলাকায় মারা গেছে।