তিন সপ্তাহে এক কোটি স্কুলশিক্ষার্থী পাবে করোনার টিকা

সিটি করপোরেশনের পর এবার সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে আজ। চলবে তিন সপ্তাহ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বিশেষ এই ক্যাম্পেইন শুরু হয়। এক কোটির বেশি স্কুল শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় নিয়ে আসতে বিশেষ এই ক্যাম্পেইন চলছে।

টিকা গ্রহণ করতে হলে শিক্ষার্থীদের টিকা কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিবন্ধন শুরু হয়েছে। টিকার নিবন্ধনের জন্য শিশুদের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর নিকটস্থ স্কুল ভ্যাকসিনেশন সেন্টার বা কেন্দ্র হতে ভ্যাকসিন গ্রহণ করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিশেষ এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হবে।

school copy

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, মঙ্গলবার দেশের ৪২৭ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে, যা এই মাসের শেষ পর্যন্ত চলবে। এ সময়ে ১ কোটির বেশি স্কুল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।