ভারতীয় সিনেমার সর্বকালের সেরা সুপারস্টারদের অন্যতম ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন ৮০ বছরে পা রাখলেন। আজ (১১ অক্টোবর) তার জন্মদিন।
সোমবার (১১ অক্টোবর) গভীর রাতে অমিতাভের বাসার বাইরে ভিড় ছিল দেখার মতো। প্রত্যেকেই গিয়েছিলেন জন্মদিনে তাদের প্রিয় অভিনেতাকে একনজর দেখতে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সবাই চেঁচিয়ে বলে ওঠেন 'হ্যাপি বার্থডে বিগ-বি'।
তবে এ বছর ভক্তদের খানিকটা চমকে দিয়েই মাঝরাতে খুলে দেওয়া হয়েছিল মেইন গেট। অমিতাভ বেরিয়ে আসেন বাইরে। তার পরনে ছিল রাতের পোশাক। আর সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা নন্দা। এরপর বাইরে উঁকি দিয়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি। হাত জোড় করে অভিবাদন জানান ভক্তদের।
৮০তম জন্মদিনে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন ‘বিগ বি’কে। বাদ পড়েননি তারকারাও। নেট দুনিয়ায় চলছে অমিতাভ বচ্চনের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, হ্যাপি বার্থডে টু অমিতাভ বচ্চন জি। উনি ভারতীয় ছবির এমন একজন স্বনামধন্য অভিনেতা, যার ছবি প্রতিটি প্রজন্মের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। উনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
উল্লেখ্য, বর্ষীয়ান এই অভিনেতার জীবনে একাধিক স্ট্রাগল রয়েছে। একসময় কলকাতায় চাকরি করতেন তিনি। অনেক কষ্ট করেছেন জীবনে। উচ্চতার জন্য প্রথম দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে কাজের সুযোগ দিতে চাইতেন না প্রযোজক এবং পরিচালকরা। অল ইন্ডিয়া রেডিও তাকে জোকি হিসেবে নেয়নি। কারণ তার কণ্ঠ ভারী। ব্যক্তিগত জীবনেও অনেক চড়াই উৎরাই দেখেছেন এই অভিনেতা।
মৃণাল সেনের ‘ভুবন সোম’ দিয়ে অমিতাভ বচ্চনের সিনেমা ক্যারিয়ার শুরু। টানা ১২টি ছবি ফ্লপ হয়েছিল তার। এরপরেই সুপারহিট হয় ‘জঞ্জির’।