পাকিস্তানে হিন্দু নারীকর্মীকে দলবদ্ধভাবে ধর্ষণ

পাকিস্তানে এক হিন্দু নারী খামার কর্মীকে পিটিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে খামারের মালিক ও তার সহযোগীরা। ডেইলি হান্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কুসুম বাই লাহিন্দে পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরের বাসিন্দা গঙ্গা রামের স্ত্রী। তিনি একজন খামার শ্রমিক। ৭ অক্টোবর খামারের মালিক মুহাম্মদ আকরামের কাছ থেকে তার মজুরি সংগ্রহ করতে গেলে তার নিয়োগকর্তারা তাকে নির্মমভাবে মারধর করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, পরদিন সকালে আকরাম ও তার ছয় সহযোগী জোরপূর্বক কুসুমের বাড়িতে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে রাখে। তার পরিবারের সামনে তাকে নৃশংসভাবে গণধর্ষণ করে তারা।

কুসুমের পরিবার অভিযোগ করেছে, তারা পুলিশে অভিযোগ দায়ের করলে তাকে এবং পরিবারকে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কুসুম ও তার পরিবার সোমবার (১০ অক্টোবর) বাহাওয়ালপুর সিটি থানায় যায়। কিন্তু আকরামের বেশ কয়েকটি শক্তিশালী রাজনৈতিক সংযোগ থাকায় থানার কর্মকর্তারা তার অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে।

দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে পাকিস্তান সরকারের বারবার দাবি করা সত্ত্বেও, সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর মুসলিম উগ্রবাদী এবং সামন্ত জমিদারদের নিরবচ্ছিন্ন নৃশংস আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক গতিতে বাড়ছে।