লামার রিক্সাচালক চকরিয়ায় মৃত উদ্ধার

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাইন্যার ঝিরি এলাকার রিক্সাচালক মাসুক আহম্মদকে (৫৫) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রিজার্ভের রিংভং এলাকার জঙ্গল থেকে চকরিয়া থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। মাসুক আহম্মদ মৃত আব্দুর শুক্কুরের ছেলে। 

নিহতের স্ত্রী হোসনে আরা বেগম জানান, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সংরক্ষিত বনাঞ্চলের সামাজিক বনায়নের বাগান নিয়ে চকরিয়ার পালাকাটার কিছু লোকের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে তার স্বামী বাগান দেখাশুনা করার জন্য গেলে আর ফিরে আসেনি। 

সন্ধ্যায় রিজার্ভের বাগানের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের স্ত্রী দাবী করেন, তার স্বামীকে খুন করে গায়ে এসিড ঢালা হয়েছে। তার স্বামীর শরীরের চামড়া পুড়ে গেছে। 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, রিক্সাচালক মাসুক আহম্মদকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করেছে। মৃত ব্যক্তির দেহে আঘাতের চি‎হ্ন রয়েছে। কখন কিভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নহে।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, মৃত ব্যক্তির লাশ চকরিয়া উপজেলায় উদ্ধার হওয়ায় বিষয়টি চকরিয়া থানার পুলিশ দেখবে। 

আরও পড়ুন: যশোরে যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু