জানুয়ারিতেই পিএসজি ছাড়ছেন এমবাপ্পে!

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। ক্লাবের ওপর বিরক্ত এমবাপ্পে জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোর সময় দল ত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া ওয়েবসাইট মার্কা।

গত মে মাসেই লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন এমবাপ্পে। মার্কার রিপোর্টের সূত্রমতে জানা গেছে, বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে এমবাপ্পে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ক্লাব ছেড়ে যেতে আগ্রহী। 

পরবর্তী আরেকটি প্রতিবেদনে আরও বলা হয়েছে ফরাসি এই তরুণ তুর্কি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান। কিন্তু পিএসজি শুধুমাত্র লিভারপুলের জন্য এমবাপ্পের দরজা উন্মুক্ত করতে চায়। 

গত মাসে পিএসজি কোচ ক্রিস্টোফের গ্যালতিয়ের স্বীকার করেছিলেন কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন ফ্রান্সের হয়ে খেলতে গেলে তিনি বেশী স্বাধীনতা পান, যেটা তিনি পিএসজিতে পান না। 

ফ্রান্সের হয়ে ন্যাশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে স্কোরশিটে নাম তুলেছিলেন এমবাপ্পে। ঐ ম্যাচের জয়েই কোনক্রমে রেলিগেশন এড়িয়েছে ফ্রান্স।

এমবাপ্পে নিজেও জানিয়েছেন করিম বেনজেমার অনুপস্থিতিতে জাতীয় দলে অলিভার জিরুদের সঙ্গে জুটি বেঁধে খেলতে গিয়ে তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পান। 

এর আগে সেপ্টেম্বরে গ্যালতিয়ের গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন, ‘তার পর্যবেক্ষন একদম সঠিক। জাতীয় দলে সে যেভাবে খেলে তার থেকে একেবারে ভিন্ন সেট-আপে ক্লাব ফুটবলে তাকে খেলতে হয়। এখানে সে অনেক বেশী সীমাবদ্ধতার মধ্যে থাকে। যে ধরনের খেলোয়াড় আমাদের দলে রয়েছে তাতে প্রত্যেককেই  নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমার মনে হয়না এখানে সে কম স্বাধীনতা পায়।’

এদিকে পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লুইস ক্যাম্পোস বলেন, ‘এই ধরনের (দল ছাড়ার) কথা তিনি কখনো এমবাপ্পের কাছ থেকে শোনেননি।’

গতকাল চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসে এ সম্পর্কে কাম্পোস বলেন, ‘আমি প্রতিদিনই এমবাপ্পের সঙ্গে থাকি। সে কখনই জানুয়ারিতে ক্লাব ছাড়ার কোন ইঙ্গিত আমাকে দেয়নি। আমি খেলোয়াড়ের পক্ষ থেকে কিছু বলছি না। এটা গণমাধ্যমের উক্তি। গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে এই ধরনের তথ্য দেওয়া সত্যিই দূর্ভাগ্যজনক। এ কারনেই আজ আমি এখানে কথা বলতে এসেছি। আমি স্পষ্টভাবেই বলতে চাই জানুয়ারিতে পিএসজি ছাড়া প্রসঙ্গে আমার বা ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে এমবাপ্পের এ বিষয়ে কোন কথাই হয়নি।’