দীর্ঘদিন পর বাবু-চঞ্চল জুটি, যা বললেন দুই দিনের দুনিয়া নিয়ে...

ট্রাক ড্রাইভার সামাদের সঙ্গে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় লোকের। জামশেদের দাবি, সে নাকি ভবিষ্যত থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারেনা জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার! জামশেদের সঙ্গে সামাদের শুরু হয় দুই দিনের এক জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।

প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। সিনেমাটি মিস্ট্রি-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর রাত ৮টায়।

এই সিনেমার মধ্যে দিয়ে অনেকদিন পর পর্দায় এক সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুকে। আর ওটিটিতে এই জুটির প্রথম কাজ এটি। সেই সঙ্গে চরকিতে প্রথমবার দেখা যাবে তানভীন সুইটিকে।

চঞ্চল চৌধুরী

এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ।

চঞ্চল চৌধুরী বলেন, এখন আমাদেরকে খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি যে একটি মান সম্পন্ন কাজ হয়েছে ‘দুই দিনের দুনিয়া।

ফজলুর রহমান বাবু

শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, এর আগে আমি চরকির বেশকিছু কাজ করেছি। কাজগুলো বেশ প্রশংসিতও হয়েছে। এবার ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। এই সিনেমার গল্পটা যখন শুনি তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সঙ্গে আমার প্রথম কাজ এটা। সব কিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর। আমার প্রত্যাশা বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।