জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের পর মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে লাশ দাফন করা হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন দ্বীপের বড় ভাই আব্বাস ফারুক। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ কাউসার বলেন, ভোরে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন।
নিহত দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ডিউটি অফিসার রোমান জানান, আত্মহত্যার আগে তিনি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা ছিল, ‘আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী নয়। জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি জানি পৃথিবীর কষ্ট কিছু নয়। মৃত্যুর পর অনেক কষ্ট হবে।’ পুলিশ কর্মকর্তা রোমান আরো বলেন, ‘প্রতিদিনের মতো সে বুধবার রাতেও তার স্টুডিওতে গান নিয়ে কাজ করছিলেন। কাজের সময় ডাকলে দ্বীপ বিরক্তবোধ করবে বলে তার স্ত্রী ডাকাডাকি না করে নিজ রুমে শুয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে রুমে গিয়ে দেখেন দ্বীপ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছেন।’ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।