চীনে নতুন সংকট, জনমনে বাড়ছে ক্ষোভ

চীনে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নতুন করে সতকর্তা জারি করেছে বেইজিং। নতুন সতর্কতার অংশ হিসাবে স্থানীয়দের কোয়ারেন্টাইনে থাকা, অফিসে বা নিজ নিজ কর্মক্ষেত্রে না যাওয়া, নতুন বহিরাগতদের শহরে প্রবেশে বাধা দেওয়ার মতো বিষয়গুলো মেনে চলতে নির্দেশ দিয়েছে বেইজিং। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

চীনের আসন্ন ঐতিহাসিক কমিউনিস্ট দলের কংগ্রেসকে সামনে রেখে আরোপিত এ করোনা সতকর্তা মানুষের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, নতুন সতর্কতাকে কেন্দ্র করে স্থানীয় মানুষরা সরকারের ব্যাপক সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে যে, প্রতিবাদী মানুষজন বেইজিং এর বিভিন্ন স্থানে ব্যানার নিয়ে করোনার নয়া সতর্কতাকে উপেক্ষা করে বিক্ষোভ করছেন। যদিও পরবর্তীতে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।   

ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে এক ব্যক্তি জানান, 'কেন জনগণকে জিম্মি করে রাখা হয়েছে? জনগণ কাজ করে খেয়েপড়ে বাঁচতে চায়। আমি নিজের চাকরি হারাতে চাইনা। আমরা কোনো নেতা চাই না। সুষ্ঠুভাবে ভোট দিতে চাই এবং নিজের নাগরিকত্বের সুষ্ঠু ব্যবহার করতে চাই।'

এদিকে চীন সরকার তাদের সংবাদমাধ্যমগুলোতে চলমান পরিস্থিতিতে জনগণকে ধৈর্য্য ধরতে আহ্বান জানিয়েছে।