কমছে সোনার দাম

ভরিপ্রতি এক হাজার টাকা কমছে সোনার দাম। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্বর্ণ আমদানি শুল্কহার কমানোর প্রস্তাব করায় কমবে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবে বলা হয়, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ আমদানি শুল্ক হবে দুই হাজার টাকা। বর্তমানে এতে ব্যয় হয় তিন হাজার টাকা। তবে বিদ্যমান অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

ব্যাগেজ রুলসের বিদ্যমান শর্ত অনুযায়ী, অবশ্যই যাত্রীদের বিদেশ থেকে আনা স্বর্ণবার হতে হবে। একজন যাত্রী একসঙ্গে ১২টির বেশি স্বর্ণের বার আনতে পারবেন না। প্রতি বারের ওজন হয় ১০০ গ্রাম। অর্থাত্ একেকজন স্বর্ণ আনতে পারবেন ৯৬ ভরি।

স্বর্ণের বারের বাইরে বর্তমানে একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণের গয়না বিনা শুল্কে আনতে পারেন। এছাড়া শুল্ক দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারেন। এই শর্ত অপরিবর্তিত রেখে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।