হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর) সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ‘শেখ রাসেল কাপ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ।’
ছয় জাতির আমন্ত্রণমূলক এ দাবা ইভেন্টটিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা অংশগ্রহণ করছে।
আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ।
দেশের শীর্ষ ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ার গ্রুপ ক্রীড়াঙ্গনের প্রায় প্রতিটি ইভেন্টেই অবদান রেখে চলেছে। দাবাতেও অনেক বছর ধরে পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনের পরই শুরু হয় প্রতিযোগীদের লড়াই। এ লড়াই চলবে ২০ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানীয় তিনটি দলকে নিয়ে সুপার লিগ পর্ব হবে। সুপার লিগও হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বিজয়ীদের মোট ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।
এর মধ্যে চ্যাম্পিয়ন দল ৪ হাজার মার্কিন ডলার, রানার্স-আপ দল ৩ হাজার মার্কিন ডলার, তৃতীয় স্থান প্রাপ্ত দল ২ হাজার মার্কিন ডলার ও চতুর্থ স্থান প্রাপ্ত দল ১ হাজার মার্কিন ডলার করে অর্থ পুরস্কার পাবে।