বাংলাদেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের একটি প্রতিনিধিদল গত ১২ অক্টোবর ঢাকা নার্সিং কলেজ সহ বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠান পরিদর্শন করেন। গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত   ছিলেন গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথোরিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিভাগের প্রধান মারিয়া গনসালেজ; স্যালফোর্ড ইউনির্ভাসিটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের এসোসিয়েট ডাইরেক্টর নান্সি কুক ও এডমিশন ডাইরেক্টর জিলিয়ান কোলগান; বোল্টন ইউনির্ভাসিটির প্রফেসর হ্যান্সলট ও হেড অব ইন্টারন্যাশনাল আহমেদ খান; ম্যানচেস্টার ইউনির্ভাসিটির মেডিকেল এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর জো হার্ট ও মেডিকেল এডুকেশন পার্টনারশিপের ইন্টারিম ডাইরেক্টর প্রফেসর লুসি বাইরন ডেভিস এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার জনাথন পিট।

যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায়  নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের কর্মরত  প্রভাষক, নার্সিং শিক্ষকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম চালুর লক্ষ্যে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের এই প্রতিনিধি দল বাংলাদেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

প্রতিনিধিদল ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভুয়েশী প্রশংসা এবং  সন্তোষ প্রকাশ করেন।  বাংলাদেশের নার্সিং শিক্ষার উন্নয়নে গ্রেটার ম্যানচেস্টারের পক্ষ থেকে সকল ধরনের সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। 

প্রতিনিধিদল পরিদর্শন চলাকালে গত ১১ অক্টোবর স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি’র সাথে দেখা করে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের উষ্ণ অর্ভ্যর্থনা পৌছে দেন এবং বাংলাদেশে নার্সিং সেক্টরের শিক্ষাখাতের উন্নয়নে সার্বিক ব্যবস্থাপনা এবং  সহযোগিতা প্রদান করার আগ্রহ প্রকাশ করেন। 

প্রতিনিধি দলকে স্বাগত জানান স্বাস্থ্য  শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও (অতিরিক্ত সচিব) রাশেদা আকতার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক(প্রশাসন)  মোঃ নাছির উদ্দিন, পরিচালক (শিক্ষা) মোঃ রশিদুল মান্নাফ কবির, ও সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস। 

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি  মাসে স্বাস্থ্য  শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি  প্রতিনিধিদল যুক্তরাজ্য সফর করেন এবং বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা ব্যবস্হাপনা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের সভাপতিত্বে ইউনির্ভাসিটি অব স্যালফোর্ড ও ইউনির্ভাসিটি অব বল্টনের সাথে এক সভায় অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা উন্নয়নে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দুু’টির সাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সাথে  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ফলশ্রুতিতে  গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের মেয়রের এই প্রতিনিধিদল বাংলাদেশের নার্সিং শিক্ষা ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে  পরিদর্শনে আসেন। 
বাংলাদেশের নার্সিং শিক্ষা ওমিডওয়াইফারি শিক্ষা বিশ্বমানের গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে সামনে রেখে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বাংলাদেশে আন্তর্জাতিক মানের নার্স ও মিডওয়াইফ গড়ে তোলা এবং জনগনের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তথা বাংলাদেশ হতে দক্ষ নার্স জনশক্তি উন্নত বিশ্বে রপ্তানি করতে দেশের নার্সিং শিক্ষা ব্যবস্থার  উন্নয়নে নার্সিং  ও মিডওয়াইফারী অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

এদিকে  বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী এবং  স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর মহাসচিব মোঃ ইকবাল হোসেন সবুজ  ইওেফাককে  বলেন, যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে  স্বাস্থ্য  শিক্ষা বিভাগ এবং  নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের আওতাধীন  নার্সিং  শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সমঝোতা সাক্ষর হওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জানান।