জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ষষ্ঠ সিকা শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। আগামী মাসে মিশরের শার্ম-আল-শেখ-এ অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনের পূর্বে বিশ্ব নেতৃবৃন্দের কাছে তিনি এই আহ্বান জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে জানিয়েছে আবদুল মোমেন বলেন, যুদ্ধের ফলে জ্বালানি ঘাটতির সৃষ্টি হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কঠিন হয়ে পড়ছে। এছাড়া বৈশ্বিক অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। তিনি সব পক্ষকে সংযত থাকার এবং বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

শান্তির সংস্কৃতি সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করে নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এবং পারমাণবিক অস্ত্র-মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।

বক্তব্য প্রদানকালে আবদুল মোমেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট সমাধানে সিকা নেতাদের সমর্থন কামনা করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের দ্রুততম সময়ে মধ্যে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী সিকা’র ৩০তম বার্ষিকী উপলক্ষে সদস্য দেশগুলোকে অভিনন্দন জানান এবং সিকার আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।