কেরানীগঞ্জে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বামনশুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই এলাকার জনৈক খুরশিদ আলমের স্ত্রী ফেরদৌস আরা (৫০) নিজ বাড়িতে টেবিল ফ্যানের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হন। এ সময় পাশের রুম থাকা ছেলে ফাহাদ (২৬) এসে মাকে বাঁচাতে হাত ধরে টান দিলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফেরদৌস আরা ও ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

স্বামী খুরশিদ আলম জানান, ছেলে ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হয়েছেন; কিন্তু কোনো চেষ্টাতেই মা ও ছেলেকে তিনি বাঁচাতে পারেননি ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং তাত্ক্ষণিক পুলিশ সদস্য পাঠিয়েছেন।