বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি বান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্ক চর্চা সেটি একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তুলে। যেকোনো বিষয় নিয়ে শুধুমাত্র পড়াশুনা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বাইরেও প্রসারতা ও গভীরতা অনেক বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে বিতর্ক তাকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরণের যুক্তি রয়েছে তার পক্ষে বিপক্ষে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি- ইত্তেফাক

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আর তাতে সারা দেশ থেকে এসেছে বিতার্কিকরা। এটি সম্ভবত বিতর্ক উৎসবের সর্ববৃহৎ মিলন মেলা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি- সংগৃহীত

মন্ত্রী বলেন, আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চর্চাটি গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে নেই সেখানে চালু করা হউক এবং যেখানে আছে সেখানে আরও ভাল করতে চাই। আর মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে আমরা চাই ক্লাব ভিত্তিক এই বিতর্ক চর্চা গড়ে উঠবে। আমাদের বাংলাদেশে এই বিতর্ক চর্চার ঐতিহ্য রয়েছে। এই উৎসবেও দেশ সেরা বিতার্কিকরা উপস্থিত হয়েছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি- সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ডা. আবদুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।