দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ান রাজ্যে বন্যার আশঙ্কা

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভিক্টোরিয়া, তাসমানিয়া এবং দক্ষিণ নিউ সাউথ ওয়েলস রাজ্যগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টি ও বাতাসের ফলে গাছ ভেঙে পড়ছে এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। ফলে কিছু এলাকা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভিক্টোরিয়াজুড়ে শতাধিক বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। তাসমানিয়ার বাসিন্দাদের উত্তর ও পশ্চিম এলাকায় নদীর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দেওয়া হয়।

স্টেট ইমার্জেন্সি সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক লিওন স্মিথ জানান, উত্তর-পশ্চিম তাসমানিয়ার অভ্যন্তরীণ অংশে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। যা আকস্মিক বন্যার কারণ হতে পারে। শক্তিশালী বাতাসের কারণে গাছ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত এই আবহাওয়া প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।  

তাসমানিয়ার ভারপ্রাপ্ত প্রিমিয়ার মাইকেল ফার্গুসন বৃহস্পতিবার জানান, তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র যোগ করা হবে।

অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে, তীব্র বৃষ্টির কারণে নদীগুলোর পানি বেড়ে গেছে এবং বৃষ্টি অব্যাহত থাকলে তা আরও বাড়বে। এর ফলে একাধিক ছোট থেকে বড় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।