ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বাংলাদেশের ১০০ সদস্যের যুব প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন তারা।
এ সময় তরুণদের ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি, সমৃদ্ধি ও বন্ধুত্বের সোনালী যুগের সূচনা করার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
গত বুধবার (১২ অক্টোবর) সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধিদের একটি দল নয়াদিল্লি পৌঁছায়। স্থানীয় সময় দুপুর ২ টায় নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি।
বিমানবন্দরে যুব প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম’ ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে অষ্টম। এবার ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামে প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এ প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয়।