বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আশিক, সম্পাদক তানজির 

বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মো. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে তানজির হোসেন বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিআরটিএর উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ ও চার নির্বাচন কমিশনারের স্বাক্ষরে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

তিন বছর মেয়াদী বিআরটিএ কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সালমিন আলম ও মো. আমিনুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল করিম হাওলাদার, কোষাধ্যক্ষ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী ইকবাল পাটোয়ারী, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল রেজা, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মো. মারনুজ রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছে মাকসুদা সুলতানা।

এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৭টি পদে ভোটযুদ্ধে লড়ছেন ১৮ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন তিনজন। বাস প্রতীকে নির্বাচিত সভাপতি মো. আশিকুর রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে বই প্রতীকে মুহাম্মদ শফিকুল ইসলাম ও ছাতা প্রতীকে মো. আব্দুল গফফার।

অন্যদিকে সহ-সভাপতির দুটি পদে লড়ছেন পাঁচজন। বিজয়ী আমিনুল ইসলাম মোল্লা ও সালমিন আলম বিপরীতে ভোটযুদ্ধে লড়েছেন মো. রুস্তম আলী, মো. শফিকুল ইসলাম ও মো. মামুনুর রশীদ।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী তানজির হোসেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাহফুজুর রহমান ও শেখ জাকের উল্লাহ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে লড়ছেন মো. মিন্টু শেখ, আল আমিন ও আবু সাঈদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন শুভ্র ব্রক্ষ, মো. মারনুজ রহমান এবং মহিলা সম্পাদক পদে লড়ছেন, মাকসুদা সুলতানা ও সানজিদা খানম।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম হাওলাদার, অর্থ সম্পাদক পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী ইকবাল পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল রেজা।

এর আগে দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে ভোট কেন্দ্র ঘুরে দেখেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

ইত্তেফাক/এনএ/এএইচপি