বিশ্বে ফ্রি উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম দুইটি গন্তব্য জার্মানি ও নরওয়ে। তবে সেই পথ থেকে সরে আসতে চাচ্ছে নরওয়ে। তারা সুইডেন, ফিনল্যান্ড ও চেক রিপাবলিকের পথে পা বাড়ানোর কথা ভাবছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কথা চিন্তা করে দেশটি তাদের মজুদকৃত অর্থ সংরক্ষণের দিকে নতুন করে জোর দিতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় আসছে ২০২৩ বাজেটে বেশ কিছু সেক্টরে বরাদ্দ কমানোর পরিকল্পনা প্রস্তাবিত হয়েছে। যার মধ্যে উচ্চশিক্ষা একটি।
এখনো অবধি নর্ডিক এই দেশটিতে উচ্চশিক্ষা সকলের জন্য ফ্রি। তবে শিক্ষাখাতে বাজেট কমিয়ে বিশ্ববিদ্যালয় গুলোকে টাকা জোগাড় করার কথা বলছে দেশটির নতুন সরকার।
শিক্ষামন্ত্রী ও সেন্ট্রাল পার্টির নেতা ওলা বর্তেন মোএ’র প্রস্তাবিত বাজেটে কারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে? প্রস্তাবনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইকোনোমিক এরিয়া ও সুইজারল্যান্ডের সকল শিক্ষার্থী ফ্রি এডুকেশন পাবে। এর বাইরের সকল ইন্ট্যারন্যাশনাল শিক্ষার্থীকে টিউশন ফি দিতে হবে। দীর্ঘদিনের এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে নতুন ফি প্রস্তাবনার পক্ষে মূলত দুইটি যুক্তি উপস্থাপন করছে সরকার পক্ষ। প্রথমটি হচ্ছে, নরওয়ের শিক্ষার্থীরা বাইরে গেলে টাকা দিয়ে পড়তে হয়, তাহলে বিনা বেতনে কেন শিক্ষা প্রদান করবে নরওয়েজিয়ান সরকার? দ্বিতীয়টি হচ্ছে, তেলের টাকার দানবিক যেই মজুদ রয়েছে তার খরচের পরিমাণ কমাতে চায় সরকার।
টাকা দিয়ে পড়তে হবে নরওয়েতে?
উত্তরটি পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। তবে পরিকল্পনাটি প্রস্তাবিত হবার পরপরই নানান মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। যার অধিকাংশই বিলের বিপরীতে। লেবার পার্টি ও সেন্ট্রাল পার্টির জোট ক্ষমতায় আসার পর ‘হুর্দাল প্ল্যাটফর্ম’ নামে ঐক্যের নৈতিক মানদণ্ড ঘোষণা করেছিল। শিক্ষায় বরাদ্দ কমিয়ে অর্থ সংগ্রহের এই প্রস্তাবনাকে নৈতিক মানদণ্ডের প্রতিশ্রুতির সাথে স্ববিরোধী বলে দাবি করেছে নরওয়েজিয়ান ছাত্র সংগঠনগুলোর আমব্রেলা সংগঠন নরওয়েজিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন(এনএসও)।
ইতোমধ্যে নরওয়ের সকল ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় গুলোকে বিলের বিপরীতে অবস্থান নেওয়ার আনুষ্ঠানিক আহ্বানও জানিয়েছে এনএসও। সংসদে বিলটি পাস করতে লেবার পার্টির পুরোনো বন্ধু সোসিয়ালিস্ট লেফট পার্টির ভোট পাওয়াও খুব গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে বিলটির বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে সোসিয়ালিস্ট লেফট পার্টি। অবৈতনিক শিক্ষা একটি মৌলিক অধিকার। এই বিল সেই মৌলিক অধিকার খর্ব করে। তাই তারা এর বিরোধী বলে সাফ জানিয়ে দিয়েছে। সোসিয়ালিস্ট লেফট পার্টির এমন বক্তব্য বিলটি সংসদে পাশ হওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাঁড়াবে বলেও ধারণা করা যাচ্ছে।
ইউরোপীয় শিক্ষার্থী ছাড়া বাকিদের ওপর টিউশন ফি চার্জ করে মূলত স্থায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী কমাতে চাচ্ছে নরওয়ে। যা বাজেট প্রস্তাবনায় স্পষ্ট ফুটে উঠেছে। শিক্ষার্থী কমিয়ে নরওয়েজিয়ান শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও বাসস্থানের আসন ফাঁকা করতে চাচ্ছে সরকার। কারণ অধিকাংশ ইউরোপীয়ই আসে এক সেমিস্টারের ইরাসমাস স্কলারশিপের মাধ্যমে। কিন্তু ইউরোপের বাইরের শিক্ষার্থীদের ইরাসমাস না থাকায় স্থায়ী শিক্ষার্থী হিসেবে আসে। বিশ্ববিদ্যালয় গুলোকে তাই ইন্ট্যারনশনাল স্টুডেন্টদের শিক্ষার খরচ জোগাড়ের আহ্বান জানানো হচ্ছে। তবে একবার শিক্ষায় ফি যুক্ত হলে আসতে আসতে সকল শিক্ষায় ফি যুক্ত হতে পারে বলে সংশয় প্রকাশ করেছে এনএসও।
প্রস্তাবিত এই বাজেটে শিক্ষায় ফি ব্যতীত যুব উন্নয়ন, সিঙ্গেল প্যারেন্টস সাপোর্ট, চাইল্ড কেয়ার, বিদ্যুৎ খাত, প্রতিরক্ষা বিভাগ ও সড়ক খাতে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে উচ্চমূল্যের ইলেকট্রিক কার ও অধিক পরিমাণের ইনকামের ওপর ট্যাক্সের পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও প্রস্তাবিত হয়েছে। এমনকি দেশটির অন্যতম বড় বাণিজ্য, স্যামন মাছ চাষের ওপর ৪০ শতাংশ ট্যাক্স আদায়ের প্রস্তাব করা হয়েছে।
রাকিন আবসার অর্নব, [শিক্ষার্থী ভলডা ইউনিভার্সিটি কলেজ নরওয়ে। (সদস্য ভলডা ইউনিভার্সিটি কলেজ ছাত্র সংসদ)]