ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে একের পর এক ইস্যুতে সরগরম ঢালিউডপাড়া। প্রথমে অপু বিশ্বাসের সঙ্গে প্রেম করে গোপনে বিয়ে ও সন্তানের বাবা হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দেন। সেই সন্তান প্রকাশ্যে আসতেই অপুকে ডিভোর্স দিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালেন শাকিব। ৫ বছরের ব্যবধানে সম্প্রতি প্রকাশ্যে আসে তিনি নায়িকা বুবলীকেও গোপনে বিয়ে করেছেন। এরপর পূজা চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন।
এসব ইস্যুতে শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে রাজু ভাস্কর্যের সামনে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নারীরা খেলনা নয়/দিতে হবে সঠিক পরিচয়’, ‘শাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই’, ‘শুধু সন্তান নয়, স্ত্রীকেও স্বীকৃতি দিতে হবে’, ‘একের পর এক ডিভোর্স দেয়া পুরুষের কোনো বীরত্ব নয়’ ইত্যাদি।
মানববন্ধনে শিক্ষার্থীরা গণমাধ্যমে বলেন, ‘জীবনের প্রয়োজনে যুক্তির মধ্যে একাধিক বিয়ে করা অপরাধ নয়। কিন্তু বিয়ে করে গোপন করা ও স্ত্রীদের না সম্মান দেওয়ার বিষয়গুলো দৃষ্টিকটূ। শাকিব খানের এমন নৈতিক স্খলন যুবসমাজকে বিপথগামী করবে। তাই এসবের প্রতিবাদ করতেই আমরা এখানে হাজির হয়েছি।’
তবে এ মানববন্ধনকে উদ্দেশ্য প্রোনোদিত বললেন শাকিব ভক্তরা। তাদের দাবি, অর্থের বিনিময়ে কিছু শিক্ষার্থী ভাড়া করে একাজ করানো হয়েছে।
অন্যদিকে সিামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণ করা দুই-একজন বলতেই পারছেন না, তারা কেনো প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন।
এদিকে শাকিব সম্প্রতি নানা ইস্যু নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।
এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?
এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’
আইনি ব্যবস্থা নেয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘আর এসব ভূয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে।’
শাকিব কঠোরভাবে জানান, এ ব্যাপারে তার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।