ঝিনাইদহের মহেশপুরে টাকা ফেরত চাওয়ায় বকুল নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান, নির্যাতিত বকুল দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে দেশে ফিরে দেখেন স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। বিদেশে থাকার সময় স্ত্রীর কাছে পাঠানো টাকা ফেরত নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার প্রাক্তন স্ত্রী লতিফার বাবার বাড়িতে গেলে তারা বকুলকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন চালায়। এতে সে মারত্মক ভাবে আহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বকুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানায় মামলা হয়েছে। পুলিশ খায়রুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।