রংপুর বিভাগীয় সদর দপ্তরে শট সার্কিট থেকে আগুন 

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নগরীর হাজীরহাট এলাকায় অবস্থিত বিভাগীয় সদরদপ্তরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের ঘটনা বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন পিএফএম জানান, বিভাগীয় সদর দপ্তরের পূর্ব দিকে সীমানা প্রাচীর ঘেঁষে পিছনে নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক সংযোগের তার নেওয়া হয়েছে। সেই সংযোগ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যম আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই সদর দপ্তরের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। বড় ধরণের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভাতে দুটি ইউনিট কাজ করেছে বলে জানান তিনি।

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে অগ্নি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের বৈদ্যুতিক সংযোগের তারসহ শট সার্কিটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন। 

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকান্ডের ঘটনার পর বিভাগীয় কমিশনারসহ অন্যান্যরা ছুটে আসেন।

উল্লেখ্য, রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।