ভারত চলতি বছরেই রাশিয়ার কালাশনিকভ একে-২০৩ রাইফেলের উৎপাদন শুরু করতে পারে। উত্তর প্রদেশের করওয়া শহরের একটি কারখানায় নতুন মডেলের এই রাইফেল তৈরি করা হবে বলা জানা গেছে। সোমবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অস্ত্রবাণিজ্য নিয়ে কাজ করা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ সংস্থা এবিপি নিউজ।
রোসোবোরোনেক্সপোর্টের প্রধান আলেকসান্দ্র মিখিভ জানান, রাশিয়ার বিখ্যাত এই রাইফেলের ১০০ শতাংশই ভারতে উৎপাদনের পরিকল্পনা করেছেন তারা। ভবিষ্যতে দুই দেশের এই যৌথ উদ্যোগের হাত ধরে তারা কালাশনিকভ রাইফেলের অত্যাধুনিক সব মডেল তৈরি করবেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে ভারতের গুজরাটে শুরু হয়েছে 'ডেফেক্সপো ইন্ডিয়া ২০২২' অস্ত্র প্রদর্শনী। এই প্রদর্শনী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এর আগমুহূর্তে ভারতে একে-২০৩ উৎপাদন শুরুর খবর দিল রোসোবোরোনেক্সপোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগে সরাসরি রাশিয়া থেকে একে-২০৩ রাইফেল কিনত ভারত। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ভারতে ৬ লাখের বেশি একে-২০৩ রাইফেল উৎপাদন করা হবে।
প্রতিরক্ষা খাতে দিল্লি ও মস্কোর সম্পর্ক কয়েক দশকের পুরোনো। এর আগেও ভারতে রুশ অস্ত্র তৈরি করতে একাধিক চুক্তি করেছে দুই দেশ।