রাজধানীতে বৃষ্টি হতে পারে আজ  

দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তাই সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতাও কমে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে আজ বিকালে হতে পারে হালকা বৃষ্টিপাত। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

আবহাওয়া অধিদপ্তরের ১৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা, বগুড়া ও শ্রীমঙ্গলে। সর্বনিম্ন ২০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।