যশোরের চৌগাছায় পুকুর ইজারা নিয়ে দ্বন্দ্বে মমিনুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে লস্কারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমিন ওই গ্রামের শামসুদ্দিন ওরফে ইসমাইলের ছেলে।
চৌগাছা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই পুকুরের মালিক দুইজন। তারা গ্রামে থাকেন না। এদের এক ভাইয়ের কাছ থেকে পুকুর ইজারা নেন ইউনূস ও তার অন্য ভাইয়েরা। এরই মধ্যে পুকুরের মালিক আরেক ভাইয়ের কাছ থেকে পুকুরের ইজারা নেন মমিনুর রহমান।
তারা ঘটনার দিন সকালে পুকুরে খুঁটিপুতে নেট জাল দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে মমিনুর রহমানকে কুপিয়ে হত্যা করে তার খালাতো ভাই ইউনূস আলী, আলম ও মশিয়ার রহমান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নরসিংদীতে কলেজছাত্রীর শরীরে আগুন, আটক ১
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, নিহত মমিনুর আওয়ামী লীগের কর্মী। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি