শিবচরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরীর চাচা ও তালই দত্তপাড়া টি এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের (৮৬) নামাজের জানাজা বৃহস্পতিবার (১৩ জুন) বাদ জোহর শিবচর উপজেলা দত্তপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে সবার উদ্দেশে শোক জানান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। এ সময় মহুমের বড় ছেলে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো. মুরাদ তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে কিছু কথা বলেন।
জানাজা নামাজে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল নোমান, ওসি জাকির হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ঠিকাদার জহির চৌধুরী, মুনির চৌধুরীর সুযোগ্য পুত্র নাবিল চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংঠগনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। মরহুমের জানাজা নামাজে অংশ নিতে সকাল থেকে দত্তপাড়ায় মানুষের ঢল নামে। গত বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় সময় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম আবুল কালাম আজাদ শিবচরের দত্তপাড়া টি এন একাডেমিতে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দুই বছর, প্রধান শিক্ষক হিসাবে ১৬ বছর ও ভাঙ্গা পুলিয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে ২২ বছর চাকরি করেন। আজ শুক্রবার (১৪ জুন) বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ইত্তেফাক/এমআই