মানসিকভাবে সতেজ থাকার পরামর্শ মাশরাফির

হারের ভারে রণক্লান্ত বাংলাদেশ দল। হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে টাইগাররা। বলার মতো পারফরম্যান্স নেই, মাঠের ক্রিকেটে রেজাল্ট পক্ষে নেই, ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে। হারের মিছিলে থাকা দলটা তীব্র সমালোচনার মুখে পড়েছে।

টানা পাঁচটি টি-২০ ম্যাচ হারের তিক্ততা নিয়ে অস্ট্রেলিয়ায় আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। তবে আলোচনা-সমালোচনাকে পাশে রেখে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। তার আশা, আসরের শুরুতে দুই-একটা ম্যাচ জিতলে বাংলাদেশ দল ছন্দে ফিরবে।

টাইগারদের পারফরম্যান্স ও বিশ্বকাপ নিয়ে গতকাল সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে সতেজ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-২০ তে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

সাকিব বাহিনীকে সমালোচনার চাপে ফেলতে চান না মাশরাফি। তবে দলের প্রতি শুভকামনা জানিয়ে গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে।’

ব্যস্ততার কারণে এখনো টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখেননি নড়াইল এক্সপ্রেস। সুপার টুয়েলভ পর্ব থেকে খেলা দেখবেন তিনি। যেহেতু টাইগাররা টানা টি-২০ খেলছে, তাই বিশ্বকাপে ভুল-ভ্রান্তি কাটিয়ে উঠার সুযোগ দেখছেন মাশরাফি, ‘এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-২০ খেলার ভেতর আছে। অনেক দিন ধরে খেলে যাচ্ছে। ফল আমাদের পক্ষে না এলেও অনেক দিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’ ২০০৭ সালের পর বিশ্বকাপের মূল পর্বে জয় নেই বাংলাদেশের। সাবেক এ অধিনায়কের আশা, এবার অন্তত একটি ম্যাচ হলেও জিতবেন সাকিব-লিটনরা।