রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, রামেক চিকিৎসকদের ধর্মঘট

হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। কিন্তু এখনও কাজে যোগ দেননি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) চিকিৎসকরা।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাবি, আইনশৃঙ্খলা বাহিনী ও রামেক হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এক ছাত্র আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে মারা যান। এ ঘটনায় হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে এ ঘটনায় রাত ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ আলোচনায় বসে। এ সময় দীর্ঘ আলোচনা শেষে রামেক হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় আলোচনা সভায়। অন্যদিকে আন্দোলন স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে গেলেও এখনও কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকেরা।