রাবিতে শাহরিয়ারের জানাজা সম্পন্ন, বাড়ির পথে লাশ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।  এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। 

জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের উপস্থিতিতে শাহরিয়ারের লাশ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়।

লাশ দাফন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। নিজ এলাকায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান শাহরিয়ার। বিকট শব্দ পাওয়ার পর কয়েকজন দেখতে পেলে তার কাছে ছুটে যান। ততক্ষণে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।