দিন এনে দিন খায় চক্রদেব। গান পাগল এই মানুষটি পেটের তাগিদে ভ্যানগাড়ি চালায়। কিন্তু সুরের কারণে তোয়াজ পায় নানান মানুষের কাছে। এক সময় সুনজরে আসে এক অধ্যাপকের। তিনি চক্রদেবের একটি গান ছেড়ে দেন ফেসবুকে। সেই গান ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের কাছে। আর এভাবে সুপ্রসন্ন হয় চক্রদেবের ভাগ্য।
বলছিলাম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের অসহায় দরিদ্র ভ্যানচালক শিল্পী চক্রদেব (৪৫) কথা। যার আশা ছিল একটি ব্যাটারিচালিত ভ্যান।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে তার বাড়িতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চ্যাটারিচালিত ভ্যান ও নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়।
চক্রদেব পা-চালিত ভ্যানগাড়ির আয় দিয়ে অতিকষ্টে ৬ সদস্যের সংসার চালিয়ে আসছিলেন। গানপ্রেমিক সুকণ্ঠের অধিকারী চক্রদেব ভ্যান চালানোর পাশাপাশি সংগীত চর্চা করেন। এক পর্যায়ে তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক প্রশান্ত বসাকের সাহচর্যে আসেন।
অধ্যাপক প্রশান্ত সম্প্রতি গায়ক চক্রদেবের কণ্ঠে মান্না দে'র গান ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’ গানটি ফেসবুকে পোস্ট করেন। এবং একটি ব্যাটারিচালিত ভ্যান ক্রয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রতিভাধর ভ্যানচালক গায়ক চক্রদেবের এ সচিত্র গানটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশের ফেসবুক বন্ধুরা সাহায্য পাঠাতে শুরু করে। তারপর ৩ দিনের মধ্যে ৭০ হাজার টাকা সংগ্রহ করা হয়।
অধ্যাপক প্রশান্ত বসাকের উপস্থাপনায় ভ্যান প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন ও মোবারক আলী। সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আজাদ মিয়া ও মো.বিপ্লব। সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী ও যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম সুজন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও রাণীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। শিক্ষক সুমি বসাক, প্রভাষক আলমগীর হোসেন, নাট্যকার জিল্লুর রহমান, রাণীশংকৈল ফেসবুক গ্রুপের এডমিন হোসেন আলীসহ আরও অনেকে।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভ্যানটি পেয়ে চক্রদেব আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।