‘গল্প ভালো হলে সে সিনেমা অন্তর্জাতিক উৎসবে যাবে’

গণঅর্থায়নে নির্মিত পরিচালক খন্দকার সুমনের সিনেমা ‘সাঁতাও’। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে মনোনীত হয়েছে। আগামী ২০-২৮ নভেম্বর উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি।

সুমন বলেন, ‘গল্প ভালো হলে, সেটা অন্তর্জাতিক উৎসবে যাবে, প্রশংসা পাবে। আমি মনে করি, সিনেমাটিতে যে গল্প তুলে ধরেছি, সেই জায়গা থেকে আমরা সফল। সামনে আরও উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে। দেশের দর্শক যদি আমাদের সিনেমাটি দেখতে পারে, আমরা যদি কাঙ্ক্ষিত সিনেমা হল পাই, তাহলেই খুশি। বিদেশে প্রশংসার চেয়েও দেশের দর্শকদের সিনেমা দেখাতে পারলে আমি খুশি হব।’

‘সাঁতাও’ সিনেমাটি নির্মিত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের গল্প নিয়ে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

ছবি: সংগৃহীত

সুমন জানান, আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। পরিচালক অংশ নেবেন উৎসবে। আজ সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। আগামী বছরের ২৭ জানুয়ারি সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আইডিয়া এক্সচেঞ্জের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার। গত মাসে সিনেমাটি আনকাট সেন্সর সনদ পায়।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। আরও অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মো. হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।