প্যারিসে শাহাবুদ্দিন আহমেদের শিল্পচিত্র প্রদর্শনী উদ্বোধন

ফ্রান্সের প্যারিসে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের শিল্পচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) প্যারিসের একটি আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। 

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি স্বনামধন্য শাহাবুদ্দিন আহমেদের শিল্পচিত্র প্রদর্শনীতে তার আঁকা উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ফ্রান্স ও বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শাহাবুদ্দিন আহমেদ বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। আধুনিক ঘরানার ফ্রান্স প্রবাসী বাঙালি এই চিত্রশিল্পীর খ্যাতি ছড়িয়ে আছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। তিনি ১৯৯২ সালে ‘মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারি আর্টসের’ সেরা পঞ্চাশজনের একজন হিসেবে স্পেনের বার্সেলোনায় ‘অলিম্পিয়াড অব আর্টস’ পদকে ভূষিত হন। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া তিনি চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন।