চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চেষ্টায় হেলপার গ্রেফতার

সোনারগাঁও থেকে গুলিস্তান চলাচলকারী স্বদেশ পরিবহনের একটি চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকের সহযোগী নীরবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনাস্থলেই অভিযুক্ত চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেফতারকৃত নীরব দুধঘাটা এলাকার আব্দুল আলীর ছেলে। গ্রেফতারকৃত হেলপার ধর্ষণ চেষ্টা মামলার দ্বিতীয় আসামি।

জানা যায়, কিশোরগঞ্জের ওই তরুণী গজারিয়া এলাকায় ডাচ বাংলা প্যাকেজিং নামের একটি ফ্যাক্টরিতে সুইয়িং অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি ঈদের ছুটি কাটিয়ে কিশোরগঞ্জের সদর থানার খিলপাড়া থেকে গত সোমবার রাত ৯টার দিকে গুলিস্তান এসে গজারিয়ায় ফেরার জন্য স্বদেশ পরিবহনের একটি বাসে উঠেন। পরে মোগরাপাড়া চৌরাস্তায় এসে সকল যাত্রী নেমে যান। ওই তরুণী যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় অভিযুক্ত চালক শামীম ও হেলপার নীরব তাকে মেঘনা ঘাট নামিয়ে দেওয়ার কথা বলে আষাঢ়িয়ারচর এলাকায় যাওয়ার পর চালক শামীম হেলপার নীরবকে বাস চালাতে দিয়ে ওই তরুণীকে নিয়ে পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের সামনে গাড়ির জন্যে অপেক্ষা করছিল। এসময় স্বদেশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) দেখে থামাতে বললে গাড়িটি আরও দ্রুতগতিতে চালানো হয়।

আরও পড়ুন: যৌন হেনস্থার সাক্ষীদের হুমকি দিয়েছেন নানা: তনুশ্রী

ওই বাস থেকে এক কিশোরীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পায়। পরে জনগণ গাড়িটি থামিয়ে দেখতে পায় চালক শামীম ওই তরুণীকে নিয়ে ধস্তাধস্তি করতে থাকে। এ সময় ওই তরুণীকে উদ্ধার করে। অভিযুক্ত চালক শামীমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এক পর্যায়ে হেলপার নীরব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সায়দাবাদ থেকে অভিযুক্ত চালক শামীমের সহযোগী হেলপার নীরবকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) তাওহিদ উল্লাহ জানান, ঘটনার তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার দ্বিতীয় আসামি নীরবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এর আগে ঘটনাস্থল থেকেই গণধোলাই দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে বাস চালক শামীমকে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামির সহযোগী নীরবকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত বাসটি থানার হেফাজতে রয়েছে।

ইত্তেফাক/বিএএফ