শিক্ষাবিদদের জন্য ভেরিটাস একাডেমির বিশেষ অনুষ্ঠান

রাজধানীতে শিক্ষাবিদদের জন্য ‘কীভাবে শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তির মধ্যে মেলবন্ধন ঘটানো যায়’ বিষয়ক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভেরিটাস একাডেমি। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে গুলশানে একাডেমি’র নিজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা গবেষণায় নিয়োজিত শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একাংশ। ছবি: ইত্তেফাক

শিক্ষাবিদরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে একবিংশ শতাব্দীতে সময়োপযোগী ও কর্মবান্ধব শিক্ষার উপায় সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেন। এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য ভেরিটাস একাডেমি কর্তৃপক্ষের প্রশংসা করেন তাঁরা। 

অনুষ্ঠানের শুরুতে ভেরিটাস একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জুবি বিন মুসা বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি মডেল হিসেবে গড়ে উঠতে চায় ভেরিটাস একাডেমি। আমাদের একাডেমির মূল লক্ষ্য দেশের সব অভিজ্ঞ, সমাদৃত শিক্ষাবিদ ও প্রশিক্ষকদের একত্রিত করা। যারা শুধুমাত্র তাদের জ্ঞান ও দক্ষতার জন্য আলোকিত নয় বরং শিক্ষার্থীদের জন্য সহানুভূতিও ধারণ করবে।’

বক্তব্য রাখছেন ভেরিটাস একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জুবি বিন মুসা। ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর ‘উন্নয়ন লক্ষ্যমাত্রা’ পূরণে শিক্ষা ও কর্পোরেট সেক্টরের এই যাত্রা দেশের নতুন প্রজন্মের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাখাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে ভেরিটাস একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অক্সফোর্ড স্কলার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত ববি হাজ্জাজ, সিন্দাবাদ ডট কমের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জিসান কিংশুক হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, কর্পোরেট ট্রেইনার ও লেখক ডন সামদানি। 

দেশের শিক্ষাখাতকে সমৃদ্ধ করতে সবার সম্মলিত প্রচেষ্টা ও একতাবদ্ধ হয়ে কাজ করতে অঙ্গীকার করেন তাঁরা।