পাবনার সাঁথিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছেন। নিহতরা হলেন, আমিনপুর থানার বাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে সুরমান (৩০) ও সাঁথিয়ার চরপাড়া গ্রামের মাহবুবা ইয়াসমিন (২৫)।
শনিবার (২২ অক্টোবর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভিটাপাড়া নামক স্থান থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
জানা যায়, শনিবার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভিটাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলে আরোহী দুলাভাই সুরমান (৩০) ও শালিকা মাহবুবা (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। তারা ভোরে আমিনপুর থেকে মটরসাইকেল যোগে ঢাকার গাজীপুরে যাচ্ছিল। সংবাদ পেয়ে সকালেই বেড়া ফায়ার সার্ভিস ও মাধপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবু ইসহাক মিয়া বলেন, সকালে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করি। লাশ নিহতদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তের প্রক্রিয়া চলছে।