বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ মঞ্চসারথী আতাউর রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর অভিনীত নাট্যম রেপার্টরির নাটক ‘ডিয়ার লায়ার’ মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায়। নাট্যম রেপার্টরি তাদের ৬ষ্ঠ প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে জেরমি টিমোথি কিলটির লেখা ‘ডিয়ার লায়ার’ নাটকটি। যেখানো আবারো একসঙ্গে দেখা যাবে আতাউর রহমান ও অপি করিমকে। ঊনিশ শতকের প্রথমদিকে বিশ্ব বিখ্যাত আইরিশ সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নাড শ’ প্রেমে পড়েন তখনকার প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলারের। স্টেলা ও বার্নাড শ’র মধ্যে যে গভীর প্রেম গড়ে উঠেছিল তা প্রকাশ পায় তাঁদের মাঝে আদান-প্রদান করা কিছু চিঠিতে। কালের পরিক্রমায় তাঁদের এই ভালোবাসার চিঠিগুলো নিয়ে জেরমি টিমোথি কিলটি লিখেছেন নাটক ‘ডিয়াল লায়ার’। ‘ডিয়াল লায়ার’ নাটকটি অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, আর নির্দেশনা দিয়েছেন গুণী নির্দেশক ড. আইরিন পারভীন লোপা।