চাহিদা না থাকায় করোনা টিকার ১০ কোটি ডোজ ধ্বংস

ভারতের টিকা উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় করোনার ১০ কোটি ডোজ টিকা ধ্বংস করতে হয়েছে। সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়াল বৃহস্পতিবার (২০ অক্টোবর) জানিয়েছেন, চাহিদা কমায় গত বছরের ডিসেম্বর থেকে তারা টিকা উৎপাদন বন্ধ করে দেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, সেরাম বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা করোনার যে টিকা উদ্ভাবন করেছে সে টিকা ভারতে উৎপাদন করছে এই প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে সেরামের উৎপাদিত টিকার নাম কোভিশিল্ড। ভারতের ৯০ শতাংশ মানুষকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে বৃহস্পতিবার উন্নয়নশীল দেশগুলোর টিকা উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জোট ডিসিভিএমএনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। সেখানে কোভিশিল্ড টিকার ১০ কোটি ডোজ ধ্বংস করার কথা জানান সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা।

আদর পুনাওয়ালা

পুনাওয়ালা সাংবাদিকদের জানান, 'মানুষজন এখন করোনাভাইরাস নিয়ে বিরক্ত। তাই করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার কোনো চাহিদাও নেই।' সত্য কথা বলতে গেলে তিনিও বিরক্ত।

সেরামের কাছে তাদের তৈরি ১০ কোটি ডোজ কোভিশিল্ড টিকার মজুত ছিল। এসব টিকার মেয়াদ ছিল নয় মাস। সেপ্টেম্বরে টিকার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর এসব টিকা ধ্বংস করতে বাধ্য হয় তারা।