টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর তার সিদ্ধান্ত যে সঠিক তার প্রমাণ শুরুতেই দিলেন ভারতের বোলার আর্শদীপ সিং।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আর্শদীপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। রিভিউ নিয়েও ব্যর্থ হন বাবর। বল স্টাম্পে হিট করায় ১টি রিভিউ হারতে হয় পাকিস্তানকে। রানের খাতা খোলার আগেই আউট হন পাকিস্তানের অধিনায়ক। এর আগে প্রথম ওভারে খুব বেশি সুবিধা করতে পারেনি মোহাম্মাদ রিজওয়ান।
ভুবনেশ্বর কুমারের ওভারে মাত্র ১ রান তুলতে সক্ষম হন পাকিস্তানের ব্যাটার। বারর ফেরার পর ক্রিজে আসেন শান মাসুদ। এরপর তাকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিজওয়ান। কিন্তু ভারতের বোলিং তোপে ধুকতে থাকে এই দুই ব্যাটার। চতুর্থ ওভারে আবারও বোলিংয়ে আসেন পেসার আর্শদীপ। এসে এবার রিজওয়ানকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ ওভারের শেষ বলে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হন রিজওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন ইফতিখার আহমেদ। ইনিংসের ৬ষ্ঠ ওভারের বোলিংয়ে আসেন মোহাম্মদ শামি। এই ওভারে ৮ রান তুলে পাকিস্তান। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩২ রান। শান মাসুদ ১৭ বলে ১৯ রান করে ক্রিজে আছেন।