ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সারা বাংলাদেশের মধ্যে ভাঙ্গা উপজেলা হবে মডেল উপজেলা। দীর্ঘ ৩৫ বছর জেলা পরিষদের উন্নয়ন থেকে ফরিদপুর চার আসন ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে আমি দীর্ঘ ৪০ বছরের অবহেলিত ভাঙ্গাকে গত ৮ বছরে উন্নয়ন করে নতুনরূপে সাজিয়েছি।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে মালিগ্রাম বাজার থেকে নয়ন বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, সম্প্রতি জেলা পরিষদের নির্বাচনে ভাঙ্গার কৃতি সন্তান শাহাদাত হোসেন বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এখন আমরা একত্রিত হয়ে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে আপনাদের পাশে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করে দিন। ইনশাআল্লাহ শুধু ফরিদপুর নয় সমগ্র দক্ষিণবঙ্গের নেতৃত্বে থাকবে ভাঙ্গাবাসি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা। প্রধানমন্ত্রীর দক্ষিণ অঞ্চল বাসির উপহার পদ্মাসেতু ও হাইওয়ে এক্সপ্রেস, পায়রা সেতু, কালনা সেতু, রেল যোগাযোগসহ নানা উন্নয়ন দিয়েছেন। এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু দৈহিত্র আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবেন।
চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, জেলা পরিষদের সদ্য নির্বাচিত মেম্বার আর্থিক ইকবাল স্বপন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ প্রমুখ।