অস্ট্রেলিয়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। হোবার্টের প্রাণকেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বেলেরিভ ওভাল স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি টোয়েন্টি ম্যাচের ভাগ্য নিয়ে আগাম মন্তব্য করা ঠিক না। তবে পরিসংখ্যানের মাপকাঠিতে আজ ফেভারিট হিসেবে ধরে নেওয়া হচ্ছে সাকিব আল হাসানদের। যদিও নিজেদের গত ১৮টি টি-টোয়েন্টি ম্যাচের মাত্র চারটিতে জয়ের মুখ দেখেছে তারা। নানা ধরনের টানাপোড়েন ভোগাচ্ছে দলটিকে। সম্প্রতি নিউজিল্যান্ডে হতাশা ছড়ানো ত্রিদেশীয় সিরিজের পরে দলের লাইনআপে আবার পরিবর্তন আনা হয়েছে। সাব্বির আর সাইফুদ্দীনকে বাদ দিয়ে নতুন করে যুক্ত হয়েছেন সৌম্য এবং শরীফুল।
তাসমানিয়ায় জন্ম নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার ডেভিড বুন ও রিকি পন্টিং। বেলেরিভ ওভাল স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাসমানিয়ান টাইগার হিসেবে পরিচিত ডেভিড বুনের নামে। এছাড়া রিকি পন্টিংয়ের একটি ভাস্কর্য রয়েছে এই মাঠে। তবে গোটা অস্ট্রেলিয়ায় ক্রিকেট যতটা জনপ্রিয়, তাসমানিয়ায় ঠিক ততটা নয়। প্রায় তিন যুগ আগে বেলেরিভ ওভাল স্টেডিয়ামের যাত্রা শুরু হলেও মাত্র ১৪টি টেস্ট ম্যাচ হয়েছে এই মাঠে। গত সাত বছরে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সর্বসাকুল্যে একটি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে মাত্র তিনটি। বেলেরিভ ওভালে বসে খেলা দেখতে পারেন ২০ হাজার দর্শক।
বুন-পন্টিংদের শহরে প্রথমবারের মতো খেলতে নামা বাংলাদেশ আজ জয়ের স্বপ্ন দেখছে। এই ম্যাচকে ঘিরে আশার জাল বুনছেন হোবার্টে বসবাসকারী হাজার তিনেক প্রবাসী বাংলাদেশি। তাদের বিশ্বাস, বৃষ্টি বাগড়া না দিলে আজ বাংলাদেশের ছেলেরাই বিজয়ীর বেশে মাঠ ছাড়বে। তবে ক্রিকেট সম্পর্কে যারা ন্যূনতম খোঁজখবর রাখেন তারা নেদারল্যান্ডসের ক্ষমতাকে মোটেই খাটো করে দেখছেন না। অভিজ্ঞতা ও তারুণের মিশেলে গড়া ডাচ স্কোয়াডের বেশ কয়েক জন সদস্য ইংলিশ কাউন্টি ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়। নেদারল্যান্ডসের কাছে ২০১০ সালে ওয়ানডে ও ২০১২ সালে টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। এবার তারা নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভের টিকিট আদায় করে নিয়েছে।
সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডস ছাড়াও দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানের সঙ্গে আরো চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই প্রত্যাশা শুধু আজকের ম্যাচকে ঘিরেই সীমাবদ্ধ নয়। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের ১৭ কোটি মানুষ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচেই উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের পর থেকে লিটন ১৪০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ৪১৭ রান করেছেন। এর মধ্যে ফিফটি আছে তিনটি। এরা যদি দলের জন্য একটি ভালো সূচনা এনে দিতে পারেন তাহলে পরের দিকে মিডল অর্ডারে আফিফ হোসেন এবং নুরুল হাসানরা অনেকটাই নির্ভার হয়ে ব্যাট চালাতে পারবেন।