গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে হাসপাতাল স্থাপন প্রকল্পের ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে গত রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুইটি দায়ের করেন। দুই মামলায় আসামিরা হলেন, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী/ক্যাশ মো. আনিসুর রহমান, ঠিকাদার এম জাহান ট্রেডার্সের মালিক মো. মহসীন আলী ও গ্রিন ট্রেডার্সের মালিক মো. মাহফুজ হুদা সৈকত।
দুদক সূত্র জানায়, প্রথম মামলায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ এবং মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক/আয়ন-বায়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া বিল তৈরি করে সরকারের ২১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৫১২ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়। এতে আসামি করা হয় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী/ক্যাশ সরকার মো. আনিসুর, এম জাহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মহসীন আলী ও গ্রীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাহফুজ হুদা সৈকতকে।
অপরদিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক/আয়ন-বায়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া বিল তৈরি করে সরকারের ২১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৯০৩ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায়ও আসামি করা হয়েছে মো. আনিসুর, মো. মহসীন আলী ও মো. মাহফুজ হুদা সৈকতকে।