গৃহহীন হয়েছে সাড়ে তিন লাখ মানুষ
রয়টার্স ও এএফপি
চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তৃত এলাকায় চলতি সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। এছাড়া প্রায় তিন লাখ ৫৬ হাজার মানুষকে ঐ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি একর ফসলি জমি। এবারের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে বলেও অনুমান চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের।
বৃহস্পতিবার রাতে চীনা জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার। গুয়াংজু প্রদেশ থেকে দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
গ্রীষ্মকালে নিয়মিতই খরার কবলে পড়ে চীনের উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বন্যাও নিয়মিত ঘটনা। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলে অতীতের তুলনায় বৃষ্টিপাত এবার আরো কম হবে। ইয়েলো নদীর অববাহিকায় বাড়বে বন্যার ঝুঁকি।