উখিয়ায় আরও এক রোহিঙ্গা খুন  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ।

নিহত মোহাম্মদ জসিম (৩২) উক্ত ব্লকের আব্দুল গফুরের ছেলে।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বুধবার ভোরে ১৫-১৬ জনের দুর্বৃত্তদল ১০ নাম্বার ক্যাম্পের এফ ১৬ ব্লকে জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘর থেকে বের করে বুকে গুলি চালায়। এতে সেখানেই তার মৃত্যু হয়। 

কারা ও কেন জসিমকে খুন করেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে হোতাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে, মঙ্গলবার রাতে উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি মোহাম্মদ সালাম গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে তিনি মারা গেছেন বলে প্রকাশ পেলেও পরে জানা গেছে তিনি মুমূর্ষুাবস্থায় রয়েছেন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝিসহ চার জন রোহিঙ্গা খুন হয়েছে।