বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসছে আইএমএফ

বাংলাদেশের সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদনে সাড়া দিয়ে শর্ত নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই আলোচনার জন্য আইএমএফের একটি প্রতিনিধি দল বুধবার (২৬ অক্টোবর) থেকে ১৫ দিন ঢাকায় অবস্থান করবেন। আলোচনায় আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ঢাকায় এ সংস্থার মিশন প্রধান রাহুল আনন্দ।

বাংলাদেশের জন্য ঋণ কর্মসূচি ও নতুন করে দীর্ঘমেয়াদী ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে তারা আলোচনা করবেন বলে আগেই জানিয়েছিল আইএমএফ।

বাংলাদেশ ব্যাংক

তাদের এ সফর শেষ হবে আগামী ৯ নভেম্বর। সেদিনও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বড় ধরনের বাণিজ্য ঘাটতির ফলে বাংলাদেশের চলতি হিসাবেও ক্রমাগত ঘাটতি বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়েছে। ডলারের বিপরীতে কমে যাচ্ছে বাংলাদেশের টাকার মান।

আবার রিজার্ভ ধরে রাখতে আমদানি কমানোর ফলে শিল্পের উৎপাদন কমার শঙ্কা তৈরি হয়েছে। এ বিপদ আরও বাড়িয়ে তুলেছে জ্বালানি সংকট।

আইএমএফ

এ প্রেক্ষাপটে ডলার সাশ্রয়ে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশি উৎস থেকেও অর্থায়ন পাওয়ার চেষ্টা করছে সরকার। সেজন্য আইএমএফ এর কাছেও ঋণ চেয়েছে বাংলাদেশ।

গভর্নর জানিয়েছেন, আইএমএফ এর কোটা অনুযায়ী বাংলাদেশ ৭ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে। তার মধ্যে সাড়ে ৪ বিলিয়ন ঋণ নিতে আবেদন করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য প্রথম পর্যায়ে দেড় বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়েছে আইএমএফ।

আইএমএফ

আইএমএফ ২১ অক্টোবর জানিয়েছে, এই ঋণের শর্ত নিয়ে সমঝোতায় পৌঁছাতেই তাদের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। 

অর্থনীতিবিদদের মতে, সংকট সামলাতেই এখন আইএমএফের কাছে ঋণ চাইছে বাংলাদেশ। পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকেও ঋণ পাওয়ার চেষ্টা চলছে।